নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বৃষ্টির ছিঁটেফোটা নেই। গরমে হাঁসফাঁস করছে সারাদেশের মানুষ। আষাঢ় মাসে বৃষ্টিপাতের মাস হলেও পাট জাগ দেওয়ার মতো পানি পাননি চাষিরা। সেঁচ দিয়ে টেকাতে পারছেন না মাঠের ফসল। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ শনিবার থেকেই বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার (২৭ আগস্ট ২০২২) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ করিম বলেন, “আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, নোয়াখালীসহ পূর্বাঞ্চলে বৃষ্টির লক্ষণ সুস্পষ্ট। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে থাকবে। চলমান গরম থেকে রেহায় পাবে মানুষ।”

গতকাল  শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়তে পারেন: চায়না রসুন ১৫০ দেশী ৭০ টাকা, কমেছে ডিম-মুরগির দাম

এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পড়তে পারেন: বিনামূল্যে ধানের চারা, ২৪ ঘন্টার মধ্যে বিদুৎ সংযোগ দেবে কৃষি বিভাগ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। গতকাল সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২২ মিনিট।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৮ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাড়াস ও সৈয়দপুর ৩৬ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা, মাইজদীকোর্ট, কুতুবদিয়া, তেঁতুলিয়া, মাদারীপুর ও রাঙ্গামাটি ২৫ ডিগ্রি। দেশের কোথাও বৃষ্টিপাত নেই বললেই চলে। রাঙ্গামাটিতে ১ মিলিমিটা্র বৃষ্টি হয়েছে।

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ