নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একজন আদর্শ মিশ্র ফসল চাষি মোঃ আবুল কালাম আজাদ। তিনি ২৮ বিঘা জমিতে বারি আম -৪ এবং আম্রপালি জাতের বাগান করেন। এবার আম বাগানে সরিষা চাষ করেছেন। ফলে আমের সাথে সরিষার সমন্বিত চাষে বিঘাপ্রতি বাড়তি আয় ২০ হাজার টাকা আশা করছেন তিনি।

জানা যায়, উপজেলার ফাহিমপুর গ্রামে তেলের চাহিদা পূরণে এবং বাড়তি লাভের আশায় ১৩ বিঘা জমিতে আম বাগানে মধ্যে বারি-১৫ জাতের সরিষার আবাদ করেন।

কৃষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, কৃষি বিভাগের পরামর্শে আম বাগানের পতিত জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি বিঘা প্রতি ৫-৬ মন সরিষার ফলন হবে। বিঘা প্রতি বাড়তি বিশ হাজার টাকা লাভ হবে। আম বাগান ফেলে রাখলে কোন লাভ হতো না। কিন্তু আমার বাড়তি আয় আসলো।

তিনি আরো বলেন, আমার দেখাদেখি এলাকায় অনেকেই আম বাগানের মধ্যে সরিষা চাষ করেছেন। তারাও লাভবান হবেন আশা করছি।

এ বিষয়ে পত্নীতলার উপসহকারী কৃষি অফিসার সোয়েব আহমেদ বলেন, সরিষা আবাদ বৃদ্ধির জন্য কৃষকের মাঝে সাড়া ফেলেছেন। আমরা চেষ্টা করছি তেল জাতীয় ফসল বৃদ্ধির জন্য।

মোঃ নূরুল ইসলাম সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, সরিষা আবাদ বৃদ্ধির ফলে এক দিকে পতিত জমির সদ ব্যবহার হচ্ছে এবং অন্যদিকে তেলের চাহিদা পূরণ সহ কৃষকের বাড়তি আয় হবে।

এগ্রিকেয়ার/এমএইচ