রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগুনে পুড়ে গেছে দুই বিঘা জমির পানের বরজ। এতে দুই চাষির দাবি, তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে তারাবির নামাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় হঠাৎ আগুন-আগুন চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে দেখেন, দুটি পানের বরজে আগুন জ্বলছে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে তারা ফিরে যায়।

এ ঘটনায় উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ পুড়ে যায়। দুই চাষির ভাষ্য, আসন্ন ঈদ ও চৈত্র মাসে ভালো দামের আশায় পান সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের হিসাবে, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিভে যাওয়ার খবর পেয়ে তারা মাঝপথ থেকে ফিরে আসেন।

এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।