এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: জ্যৈষ্ঠ মাসকে সামনে রেখে কৃষকদের জন্য ধান, পাট, শাকসবজি, গাছপালা ও বিভিন্ন ফসলের পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে কৃষি তথ্য সার্ভিস (এআইএস)। বোরো ধান সংগ্রহ, আউশ ও আমন ধানের চাষাবাদ, পাটের পরিচর্যা, গ্রীষ্মকালীন শাকসবজির ব্যবস্থাপনা এবং ফলদ গাছের যত্নে এ সময় বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় সিলেট প্রকাশিত “জ্যৈষ্ঠ মাসের কৃষি তথ্য ও প্রযুক্তি” শীর্ষক পরামর্শপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বোরো ধান সংগ্রহ ও বীজ সংরক্ষণের পরামর্শ

পরামর্শপত্রে বলা হয়েছে, জমির ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে বোরো ধান সংগ্রহ করে দ্রুত মাড়াই করতে হবে। ধান ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নির্বাচিত ভালো বীজ ছায়ায় শুকিয়ে ঠান্ডা স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া গুদাম, গোলা ও সংরক্ষণস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ইঁদুর ও পোকামাকড় দমনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আউশ ধানে আধুনিক জাত ব্যবহারের পরামর্শ

এখনও আউশ ধানের বীজ বোনা না হয়ে থাকলে দ্রুত বপনের পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। উচ্চফলনশীল বিভিন্ন জাত যেমন—ব্রি ধান-৪৮, ব্রি ধান-৫৫, ব্রি ধান-৬৫, ব্রি ধান-৮২, ব্রি ধান-৯৮, বিনা ধান-১৯ ও বিনা ধান-২২ চাষের জন্য উপযোগী বলে উল্লেখ করা হয়েছে।

চারা রোপণের ১২ থেকে ১৫ দিনের মধ্যে প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ এবং পরবর্তী ১৫ দিন পর দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। ইউরিয়ার কার্যকারিতা বাড়াতে জমিতে পর্যাপ্ত রস থাকা জরুরি বলেও উল্লেখ করা হয়।

আমন চাষে আগাম প্রস্তুতির তাগিদ

নিচু এলাকার কৃষকদের বোরো ধান কাটার ৭ থেকে ১০ দিন আগে আমনের বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এতে বন্যা বা অতিবৃষ্টির আগেই চারা প্রস্তুত করা সম্ভব হবে।

বিজতলায় নিয়মিত সেচ, আগাছা দমন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পলিব্যাগ বা ট্রেতে চারা উৎপাদনের প্রযুক্তিও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পরামর্শপত্রে বলা হয়েছে, আউশ ও আমন ধানে পামরি পোকার আক্রমণ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে হাতজাল, গামছা বা ঝাঁপি ব্যবহার করে পোকা দমনের কথা বলা হয়েছে।

পাট চাষে পরিচর্যা ও আগাছা দমনের পরামর্শ

পাটক্ষেতে আগাছা পরিষ্কার, চারা পাতলা করা এবং সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। জমিতে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

পাটের কচি ডগা শাক হিসেবে ব্যবহার করা যায় উল্লেখ করে কৃষি বিশেষজ্ঞরা বলেন, এ মাসে পাটের বিছাপোকা ও ঘোড়াপোকা আক্রমণ করতে পারে। এসব পোকার ডিম ও আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন শাকসবজিতে বাড়তি সতর্কতা

গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষেত্রে আগাছা পরিষ্কার, মাচা তৈরি, সেচ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে লতাজাতীয় সবজির গোড়ায় অতিরিক্ত পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শাকসবজিতে জাবপোকা, বিছাপোকা ও অন্যান্য ক্ষতিকর পোকার আক্রমণ দেখা দিতে পারে। এ ক্ষেত্রে হলুদ আঠালো ফাঁদ, হাতজাল এবং জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

গাছপালা ও ফলদ চারা রোপণের উপযুক্ত সময়

জ্যৈষ্ঠ মাসে গাছপালা লাগানোর জন্য গর্ত তৈরি, মাটি প্রস্তুত ও জৈব সার প্রয়োগের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। উপযুক্ত মাতৃগাছ থেকে সংগ্রহ করা নারিকেল ও সুপারির বীজ বপনের কথাও বলা হয়েছে।

বৃষ্টির মৌসুমে বীজতলা সুরক্ষার নির্দেশনা

অতিরিক্ত বৃষ্টির কারণে বীজতলায় পানি জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বীজতলা উঁচু স্থানে তৈরির পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

কৃষি তথ্য সার্ভিস জানিয়েছে, বিস্তারিত তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস অথবা কৃষি কল সেন্টার ১৬১২৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।