নিজস্ব প্রতিবেদক, (লালপুর) নাটোর: নাটোরের লালপুরে অসুস্থ গবাদিপশুর মাংস থেকে অ্যানথ্রাক্স বা তড়কা জাতীয় রোগের বিস্তার হয়েছে বলে জানা গেছে। বিষয়টি পর্যবেক্ষণে আজ সোমবার (১৮ জুলাই ২২) ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)র বিশেষজ্ঞ দল নাটোর যাওয়ার কথা আছে।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মো. গোলাম মোস্তফা এগ্রিকেয়ার২৪.কমকে এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত রোগীদের দেখতে ইতোমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ও প্রাণিসম্পদ বিভাগের দল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রাম পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগের ধরন দেখে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আশপাশের ৫ গ্রামের প্রায় ৬ হাজার পশুর ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। তবে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ ছোঁয়াচে নয় উল্লেখ করে গ্রামবাসীদের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

পড়তে পারেন: লালপুরে অ্যানথ্রাক্স আতংক, আক্রান্ত ৯!

রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা মো: নজরুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, “নাটোরের ঘটনা পরিদর্শন করা হয়েছে। (আইইডিসিআর)র বিশেষজ্ঞ দল নাটোরে পরিদর্শন করবেন এটা আমাকে তারা জানান নি। সবাই মিলে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। জরুরি ভিত্তিতে ঐ এলাকার ৩০০ পশুকে তড়কার টিকা দেওয়া হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, অ্যানথ্রাক্স সন্দেহে অন্তত ৯ জন চিকিৎসা নিচ্ছেন। গত ৭ জুলাই রুইগাড়ি গ্রামের বাসিন্দা দুলাল হোসেন (৫৫) অ্যানথ্রাক্স সন্দেহে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য আসেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ময়নাতদন্তে মস্তিষ্কে ইনফেকশন ও ক্ষতের কারণে দুলালের মৃত্যুর কথা বলা হয়েছে। তিনি অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা গেছেন কি না, তা খতিয়ে দেখা হবে,।

জেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে জরুরিভাবে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ দল এবং প্রাণিসম্পদ বিভাগের দল আজ সোমবার ঢাকা থেকে নাটোরে যাওয়ার কথা আছে। তারা ওয়ালিয়া ইউনিয়নে রোগীরা অ্যানথ্রাক্স আক্রান্ত কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হতে চান।

এগ্রিকেয়ার/এমএইচ