
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গত দুদিন ধরে চলা সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল কয়েক বিভাগে অঝোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় দপ্তরটি।
আজ রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক এগ্রিকেয়ার২৪.কমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতের দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় (অক্ষাংশঃ ২৪.০ উত্তর, দ্রাঘিমাংশঃ ৮১.২ পূর্ব) স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
পড়তে পারেন: ঘাস চাষ করেই কোটিপতি গফুর!
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পড়তে পারেন: পাঙ্গাস চাষে কোটিপতি সিঙ্গাপুর ফেরত বেলায়েত
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আজ সন্ধ্যায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ২৯ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৩৫ মিনিটে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























