
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল দেশের ৪ বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান বলেন, থেমে থেমে অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টি প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামীকাল দেশের ৪ বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
দপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে।
পড়তে পারেন: জাগ দেওয়া পাট থেকে চকচকে আঁশ পাওয়ার কৌশল
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়া ৮৫ মিলিমিটার।
আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ %। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ২২ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























