
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে ঠাণ্ডা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যায়, বেশ কিছু দিন ধরে রাতের তাপমাত্রা কমছে। সেই অনুপাতে দিনের তাপমাত্রা কমছে না। দেখা যাচ্ছে, রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমলেও দিনে ফের বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আজ রবিবার থেকে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই বাতাসে শীত আরও বাড়বে বলে জানিয়েছে দপ্তর।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোর থেকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এছাড়াও আবহাওয়া দপ্তর জানায়, গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রবিবার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরো কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে ছিল ৯.৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০.৫ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর আরোও জানায়, বাতাসের গতি উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৫ থেকে ১০ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আদ্রতা ৮১ শতাংশ। আজ৯ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিট এবং সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিট।
এগ্রিকেয়ার/এমএইচ
























