
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করে লাভবান হয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর গরুড়া গ্রামের কৃষক এনামুল হক। পুষ্টিগুণসমৃদ্ধ এই সবজির চাহিদা নিজ জেলায় পূরণ করেও বিক্রি করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো ফলন ও দাম পেয়ে কৃষক এনামুল হক খুবই খুশি। পৌনে ২ বিঘা জমিতে মাচা তৈরি করে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুষ্টিগুণসমৃদ্ধ চিচিঙ্গার আবাদ করছেন। পৌনে ২ বিঘা জমিতে মাত্র ৩০ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকা লাভের আশা করছেন এনামুল।
কৃষক এনামুল হক জানান, শুরুতে প্রতি কেজি চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে দাম কিছুটা কমেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দৌলতপুর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রিপার প্রদর্শনীতে চিচিঙ্গা চাষ করে তিনি লাভবান।
তিনি আরো জানান, পোকা দমনে ব্যবহার করেন হলুদ ও ফেরোমন ফাঁদ। ব্যবহার করা হয়েছে জৈব সার ও জৈব বালাইনাশক। চাষাবাদে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত বিক্রি থেকে এসেছে প্রায় ৫০ হাজার টাকা। বাকি সময়ে আরো দেড় লক্ষাধিক টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনামুল হক বলেন, এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ দিয়ে বিষমুক্ত চিচিঙ্গা চাষে লাভবান হয়েছি। জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা চাষ করেছি। ৩৫-৪০ দিনে সংগ্রহ শুরু হয় চিচিঙ্গা। বিষাক্ত কেমিক্যালমুক্ত হওয়ায় এর চাহিদা ব্যাপক।
তার চাষকৃত চিচিঙ্গা দেখতে এসে স্থানীয় কৃষকরা মুগ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষকরা চিচিঙ্গা চাষে উৎসাহিত হয়েছেন। চিচিঙ্গা চাষে সফলতা আসার পেছনে অবদান রয়েছে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক। তিনি প্রায় সময় জমিতে এসে কোনো সমস্যা থাকলে পরামর্শ দিয়ে যান।
কৃষি বিভাগ বলছে, বিষমুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষে আশপাশের কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হয় বলে জানিয়েছেন উপজেলার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক।
ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভালো দামে বিক্রি করা হয়।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, আমরা কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। এতে উপজেলার বিভিন্ন স্থানে চিচিঙ্গা চাষ হয়েছে। চিচিঙ্গা মূলত পুষ্টিসমৃদ্ধ সবজি। ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বল্প সময় ও অল্প খরচে চিচিঙ্গা চাষে লাভবান হচ্ছেন উপজেলার গরুড়া গ্রামের কৃষকরা। অগামীতে আরো বেশি সংখ্যক কৃষক চিচিঙ্গা চাষ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
























