
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মাঠে আলুর গাছ হলুদ হয়ে আসা মানেই ফসল ঘরে তোলার প্রস্তুতি। তবে ফলন ভালো হলেই চলবে না, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে আলু উত্তোলন না করলে অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে সংরক্ষণ ও বাজারজাতের ক্ষেত্রে সামান্য ভুলও বড় ক্ষতির কারণ হয়। তাই আলু তোলার সময় ও পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা জরুরি।
সঠিক সময় ও পদ্ধতি মেনে আলু উত্তোলন করলে ফলনের গুণগত মান বজায় থাকে, সংরক্ষণ সহজ হয় এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়।
আলু তোলার সঠিক সময় ও নিয়ম
- মেঘলা বা বৃষ্টির দিনে আলু তোলা ঠিক নয়। ভেজা মাটিতে তোলা আলু দ্রুত পচে যাওয়ার ঝুঁকিতে থাকে।
- সকালের সময়ে আলু উত্তোলন করা ভালো। এ সময় মাটি তুলনামূলক ঠান্ডা ও নরম থাকে, ফলে আলু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে।
- আলু সম্পূর্ণ পরিপক্ক হলে তুলতে হবে। অপরিপক্ক অবস্থায় তুললে খোসা শক্ত হয় না এবং সংরক্ষণে সমস্যা হয়।
- আলু ওঠানোর ৭–১০ দিন আগে গাছের গোড়া কেটে ফেলতে হবে। এতে আলুর খোসা শক্ত হয় এবং সংরক্ষণ উপযোগী হয়।
- আলু তোলার সময় খেয়াল রাখতে হবে যেন কোদাল বা লাঙ্গলের আঘাতে আলু কেটে না যায়। কাটা আলু দ্রুত নষ্ট হয়।
- সাধারণত বস্তায় আলু ভরার সময় প্লাস্টিকের ঝুড়ি বা গামলা ব্যবহার করা উত্তম। এতে আলু আঘাত কম পায়। আলু সংগ্রহ শেষে যত দ্রুত সম্ভব বাড়ি বা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
- কোনো কারণে আলু ক্ষেতে রাখতে হলে ছায়াযুক্ত স্থানে বিছিয়ে পাতলা কাপড় বা খড় দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে সরাসরি রোদ না লাগে।
- কাটা, ফাটা, পোকা খাওয়া ও রোগাক্রান্ত আলু বাছাই করে আলাদা করতে হবে। ভালো আলুর সঙ্গে রাখলে সুস্থ আলুও নষ্ট হতে পারে।
- কোল্ড স্টোরেজে রাখার জন্য নির্ধারিত আলু ৮০–৯০ দিনের বেশি জমিতে রাখা উচিত নয়। বেশি দেরি হলে আলুতে দাগ দেখা দিতে পারে।
- বীজ আলু সাধারণত ৭৫–৮০ দিনের মধ্যে উত্তোলন করা ভালো। এতে অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকে।
- আলু ভিজে গেলে সংরক্ষণের আগে হালকা রোদে বা ছায়ায় শুকিয়ে নিতে হবে। তারপর কোল্ড স্টোরেজে রাখা নিরাপদ।
























