ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পঞ্চগড়ে একই জমিতে ভুট্টার সঙ্গে একসঙ্গে চাষাবাদ শুরু হয়েছে আলুর। এতে একই জমি থেকে কম খরচে দুই ফসল পাচ্ছেন চাষিরা। জমির বহুমুখী ব্যবহারের পাশাপাশি বাড়ছে চাষিদের আয়ও। নতুন পদ্ধতিতে যে জমিতে দুই ফসল হতো সেখানে এখন চার ফসল চাষাবাদ হচ্ছে অনায়াসেই।

আলু-ভুট্টার এক সঙ্গে চাষের পর পাট, মিষ্টি কুমড়া ও শাক চাষাবাদ এবং তারপরে আমন চাষাবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের পঞ্চগড় স্যাটেলাইট স্টেশনের অধিনে পঞ্চগড় সদর উপজেলার মৌলভিপাড়া এলাকায় সফলভাবে এই চার ফসল চাষচক্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এলএসটিডি প্রকল্পের অধিনে একজন চাষি এক একর জমিতে নতুন এই পদ্ধতিতে চাষাবাদ করেছেন। প্রথমবারেই দারুন ফলনে উচ্ছ্বসিত তিনি। তাকে দেখে এখন অন্যরাও এই পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হচ্ছেন।

ওই এলাকার চাষি সারোয়ার হোসেন বলেন, আগে আমাদের জমিগুলোতে আমরা দুই ফসল চাষাবাদ করতাম। ভুট্টার পর আমন ধান রোপণ এভাবেই চলেছে বছরের পর বছর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে আমরা জানতে পারি এই জমিগুলো থেকেই বছরে চার ফসল আবাদ সম্ভব। এবার আমি আলু ও ভুট্টা এক সঙ্গে চাষ করেছি জোড়া সারি পদ্ধতিতে। প্রতি বিঘা জমিতে যে পরিমাণ বীজ রোপণ করা যায় এখানেই তাই করা যায়। বাড়তি পাওনা সার কম খরচ হয় এবং এক সঙ্গে দুটো ফসল একই জমি থেকে উত্তোলন করা যায়। আমার এক একর জমিতে এখন আলু উত্তোলন শুরু করেছি। এতো ভালো আলু অন্য জমিতে হয় নি। ভুট্টা গাছগুলোরও মোটাতাজা ও সতেজ হয়ে উঠেছে। আশা করছি অন্যদের চেয়ে ভালো ভুট্টা উৎপাদন হবে। তারপরে পাট ও মিষ্টি কুমড়া চাষ করে আমন ধান রোপণ করবো। এই পদ্ধতিতে আমাদের গতানুগতিক কৃষির ধারণা পাল্টে দিয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন পায়েল বলেন, জোড়া সারি আলু ভুট্টা চাষাবাদের মাধ্যমে আমরা সফলভাবে একই জমিতে চার ফসল চাষের দারুন সম্ভাবনা খুঁজে পেয়েছি। কৃষকের উৎপাদনশীলতা বাড়ানো এবং লাভবান করাই আমাদের উদ্দেশ্য।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, একই সঙ্গে আলু ভুট্টার চাষসহ এই পদ্ধতি পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। জমির সুষম ও বহুমাত্রিক ব্যবহার আর বাড়তি ফসল চাষ কৃষকদের লাভবান করবে।

এগ্রিকেয়ার/ আরিফ