
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বেনাপোলে এবার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। রাতের আঁধারে এক খামারির পাঁচটি গরু হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী খোকন শেখ।
বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে খোকন শেখের খামার। আজ সোমবার (১৯ এপ্রিল ২০২১) দুপুরে খামারের পাঁচটি উন্নতজাতের গরু মারা যায়।
স্থানীয় চিকিৎসক জানান রোববার (১৮ এপ্রিল) রাতের কোনো একসময় গরুগুলোর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা গেছে।
জানা যায় ভারতীয় গরুর ব্যবসা করতেন খোকন শেখ। করোনা মহামারিতে ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় বাড়িতে গরুর খামার দিয়েছিলেন তিনি। স্বপ্ন দেখছিলেন, এই খামারে একদিন তার ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু শত্রুতার কারণে সেই আশা পূরণ হলো না।
খোকন শেখ বলেন, গোয়ালে সুস্থ গরু রেখে রোববার রাতে ঘুমাতে যাই। সোমবার সকালে গোয়ালে গিয়ে দেখি গরুগুলো অসুস্থ। মুখ থেকে লালা বের হচ্ছে। কিছুক্ষণ পর তিনটি গরু ও দুটি বাছুর ছটফট করতে করতে মারা যায়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর জানিয়েছেন ইনজেকশনের বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে।
বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন খোকন শেখ।এই খামারি আরও বলেন, এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কারা এমন কাজ করেছেন বলতে পারছি না। আমার সঙ্গে শত্রুতা করে এমনটি করা হয়েছে। খামারের আরও দুটি গরুকে ইনজেকশন দিয়েছে দুর্বৃত্তরা। যেকোনো সময় সে দুটি গরুও মারা যাবে।
খোকন শেখের প্রতিবেশী গরুর খামারি শরিফুল ইসলাম বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। সুস্থ গরুগুলোকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। নিয়মিত এসব গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একসঙ্গে সবগুলো গরু মারা যাওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা এগ্রিকেয়ার২৪.কম বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন গরুগুলো রোগের কারণে মারা গেছে। ভুক্তভোগী বলছেন ইনজেকশন দিয়ে মারা হয়েছে। এ বিষয়ে তারা এক লিখিত অভিযোগও দিয়েছেন। যদি তারা এখন থানায় মামলা করতে চায় তাহলে করতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























