নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর স্বাদুপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মমিনুজ্জামান মারা গেছেন।

আজ সকাল ৫টা ৫৬ মিনেটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। সেইসাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শোক প্রকাশ করে বলেন,“ড. মুহাম্মদ মমিনুজ্জামান খান ছিলেন একজন মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের মৎস্য গবেষণায় এ ক্ষণজন্মা কর্মকর্তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব শোক প্রকাশ করে বলেন,“ড. মুহাম্মদ মমিনুজ্জামান খানের মৃত্যু দেশের মৎস্য গবেষণায় বিরাট ক্ষতি। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে শোকাহত।”

করোনায় বিএফআরআই কর্মকর্তার মৃত্যু বিষয়ে সংবাদটির তথ্য নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন।

এগ্রিকেয়ার/এমএইচ