এগ্রিকেয়ার ডেস্ক: পূর্বাভাস অনুযায়ী ভরা বসন্তেই অকাল বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গ। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। তবে এই আরাম বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে নেমে যায়। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের গড়ের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি কম।

একই দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০ দশমিক ৭ ডিগ্রি কম। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আবহাওয়া সূত্রে জানা গেছে, বুধবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। রোদ উঠলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

এদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সূত্র: কলকাতা টিভি