
ঠাকুরগাঁও প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর কাছ থেকে ধানের বীজ কিনে ক্ষতির শিকার হয়েছে একাধিক কৃষক এমন অভিযোগ উঠেছে। এই অভিযোগে কৃষকেরা স্থানীয় কৃষি অফিস ঘেরাও করেছে।
আজ বৃহস্পতিবার (৩ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের ৫০জন কৃষক ওই অভিযোগে বিক্ষোভ, কৃষি অফিস ঘেরাও করার পাশাপাশি ক্ষতিপূরুণ ও পূনর্বাসনের দাবি জানিয়েছে।
প্রায় শতাধিক কৃষক ধানের শীষ হাতে নিয়ে মিছিল নিয়ে সদর উপজেলা কৃষি অফিসের সামনে উপস্থিত হন। এ সময় তারা ক্ষতির দাবি জানিয়ে স্লোগান দেয়। এর আগে ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার ও ক্ষতিপুরণ চেয়ে স্বারকলিপি প্রদান করেন।
এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান কান্নায় ভেঙ্গে পড়া কৃষকদের শান্তনা ও ক্ষতিপুরণের আশ্বাস দেন। জেলা প্রশাসকের শান্তনা নিয়ে কৃষকরা বাড়ি ফিরে যায়।
কৃষক আজাহার আলী অভিযোগ করে বলেন, চলতি বোরো মৌসুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামে সরকারি সংস্থার কাছে ব্রি-৬৩ জাতের ধান বীজ কিনে চারা রোপন করেন। এই ধান বীজের ধান গাছ ও শীষ সাদা হয়েছে। গাছ ঝলছে গেছে।
বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও তত্বাবধায়ক প্রকৌশলী ড. জাহাঙ্গীর আলম খান কৃষকদের অভিযোগ বিষয়ে এগ্রিকেয়ার২৪.কম কে বলেন ধানক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, জাত উন্নতমানের তবে ব্রি-৬৩ জাতের ধান সংবেদনশীল একটিজাত।এই জাত খুব সহজে ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়।
























