
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ। এতে পাইকারি ও খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজিতে কমেছে ১০ টাকা।
ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকা করে। একই সঙ্গে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। দুই দিনের ব্যবধানে এ দাম কমেছে বলে জানিয়েছে পেঁয়াজ বিক্রেতারা।
সোমবার (১৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
পড়তে পারেন: ভারতীয় পেঁয়াজের আমদানিতে কমলো দেশীর দাম
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রফিকুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যে কারণে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজ দাম বৃদ্ধি হবে না। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। বর্তমানে ২০০ থেকে ২১০ মার্কিন ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১৭ জুলাই) ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
এগ্রিকেয়ার/এমএইচ
























