
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ধানের চারা থেকে পূর্ণবয়স্ক গাছ—সব পর্যায়েই হুমকি হয়ে উঠতে পারে বাদামি দাগ রোগ, যা ধানের ফলন ও বীজের গুণগত মানে বড় প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন, মাটিতে পুষ্টির ঘাটতি ও পানির সঠিক ব্যবস্থাপনার অভাব থাকলে ছত্রাকজনিত এই রোগ দ্রুত ছড়ায়, ফলে পাতায় দাগ, বীজ অপুষ্ট হওয়া এবং শেষ পর্যন্ত গাছের ক্ষতির ঝুঁকি বেড়ে যায়।
তবে সঠিক সার প্রয়োগ, পানি নিয়ন্ত্রণ এবং সময়মতো ছত্রাকনাশক ব্যবহার করলে এ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রোগের নাম: ধানের বাদামি দাগ রোগ (Brown spot of Rice)
এ রোগটি ছত্রাকজনিত রোগ। রোগটি চারা অবস্থা থেকে যে কোন বয়সের ধান গাছে হতে পারে। তবে চারার বয়স বেশী হলে রোগটির প্রকোপ বেশী দেখা যায়। মাটিতে পুষ্টি উপাদানের অভাব বা পানির অভাব হলে রোগের মাত্রা বেড়ে যায় ।
রোগের লক্ষণ
- পাতায় প্রথমে তিলের দানার মত ছোট ছোট দাগ পড়ে।
- দাগগুলি বড় হয়ে মাঝখানে সাদা ও কিনারা বাদামী হয়ে যায়।
- একাধিক দাগ মিলে বড় দাগ সৃষ্টি হয়ে পাতাটিকে মেরে ফেলতে পারে।
- ধানের পাতার চেয়ে রোগটি বীজে বেশী দেখা যায়।
- রোগ আক্রান্ত গাছের বীজ অপুষ্ট হয় ও বাদামী বর্ণ ধারণ করে ।
রোগের প্রতিকার
- জৈব সার ব্যবহার ও সঠিক পানি ব্যবস্থাপনা করতে হবে।
- জমিতে সঠিক পরিমাণে নাইট্রোজেন ও পটাশ সার ব্যবহার করতে হবে।
- রোগ দেখা দেয়ার সাথে সাথে প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক (যেমন-টিল্ট ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক (যেমন- ফলিকুর ২৫০ ইসি) প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে ।
ধান, বাদামি দাগ রোগ, প্রতিকার, ব্যবস্থাপনা
























