নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর পোরশায় সাইফুল ইসলাম নামে এক কৃষকের ১০ বিঘা জমিতে রোপনকৃত ১৫০০ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়রনাইল (মরাকাটা) গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কৃষক সাইফুল ইসলাম জানায়, যৌথ পরিবারের থাকা অবস্থায় তার বাবা ১০ বিঘা জমি একক ভাবে ক্রয় করেন। কিন্তু যৌথ পরিবারে থাকায় সাইফুলের চাচাও সমান ভাগে ওই জমি ভোগ করে আসছিলেন।

পরবর্তীতে তার বাবা মারা যাওয়ায় দলিলপত্রে দেখা যায় সাইফুল উল্লেখিত সম্পত্তির মালিক। যা তার বাবা মৃত্যুর পূর্বে সাইফুলের নামে করে দিয়ে গেছেন। এতে স্বাভাবিক ভাবে ওই জমি সাইফুল নিজ দখলে নেয়।

এ অবস্থায় বিগত তিন মাসে আগে ওই ১০ বিঘা জমিতে দেড় হাজার আম রুপালী আম গাছ রোপন করেন তিনি। কিন্তু এটা মেনে নিতে পারেনি তারা চাচা ও চাচাতো ভাইয়েরা। এরই শত্রুতার জের ধরে অভিযুক্তরা তার রোপনকৃত গাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করেন তিনি।

এতে মানষিক ভাবে ভেঙে পড়েন কৃষক সাইফুল। তাই উপায় না পেয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এটি একটি অমানবিক কাজ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।

এগ্রিকেয়ার/এমএইচ