
প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে মূল্যতালিকা যাচাই, পণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান খান বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কেউ যদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা মজুতদারি করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানানো হচ্ছে।”
অভিযানকালে বাজারে উপস্থিত ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানান। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এগ্রিকেয়ার/ আরিফ
























