স্টাফ রিপোর্টার, এগ্রিকেয়ার২৪.কম: নাটোরের বড়াইগ্রামে কৃষকদের তামাক চাষ থেকে নিরুৎসাহিত করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা, ৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার কৃষক, তামাক চাষি ও সার ডিলাররা।

সেমিনারে বক্তারা বলেন, তামাক চাষে জমির উর্বরতা নষ্ট হয়, কৃষকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। বিকল্প ফসল হিসেবে ভুট্টা, তিল, তিসি, বাদাম ও সবজি চাষে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান তারা।

শেষে কৃষকদের মধ্যে বিকল্প ফসলের বীজ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।