
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আজ বুধবার কৃষিকে আধুনিক ও টেকসই প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শেষ দিন। এর আগে গত সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় এ মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন।
আয়োজকরা জানান, কৃষি প্রযুক্তি মেলায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের উৎপাদিত শাকসবজি, ফলমূলসহ নানা ধরনের কৃষিপণ্য দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। এসব স্টলে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তারা কাছে কৃষকদের পরামর্শ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’র প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুন্নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায় প্রমুখ।
























