
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রাম থেকে নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি কীটনাশক জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কীটনাশকের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
তিনি জানান, কৃষি কাজের জন্য নিষিদ্ধ ও ভেজাল ২ হাজার কেজি ডায়াজনিনন ও বাসুডিন মজুত করে বিক্রি করছিলেন আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. আব্দুস সালাম। সালামের গোডাউন থেকে কীটনাশকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, ফসলের জন্য ক্ষতিকর এ কীটনাশকগুলো অনেক আগেই সরকার নিষিদ্ধ করেছে। এছাড়াও কীটনাশকগুলো ভেজাল ছিল, যা ক্রয় করে কৃষকরা প্রতারিত হচ্ছিল।
ভেজাল কীটনাশকগুলো যশোরের অভয়নগর থেকে সংগ্রহ করেছিল বলে জানান আব্দুস সালাম।
























