
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভারী বৃষ্টিপাতের কারণে আবারও দেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এ কারণে সিলেটে ফের বন্যা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েক বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বন্যা পরিস্থিতি সম্পর্কে আজ বৃহস্পতিবার (৩০ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৗশলী মো: আরিফুজ্জামান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি ও সিকিম স্থানসমূহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের ধরলা, দুধকুমার, আত্রাই, করতোয়া, টাঙ্গন, পূর্ণনভা ও কুলিখ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পড়তে পারেন: কমেছে দাম, কদর বেড়েছে কবুতরের বাচ্চার
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার। এছাড়া সিলেটের ছাতকে ১০০, জাফলংয়ে ৯৩, কানাইঘাট ও সুনামগঞ্জের লরেরগড়ে ৮৫, সিলেটের শেওলা ও দক্ষিণবাগে ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে ১২১ এবং জলপাইগুড়িতে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ; রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পড়তে পারেন: আলোচিত ‘স্পিডমাস্টার’ স্মার্টফোন ইনফিনিক্স ‘নোট ১২ জি৯৬’
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ, যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় (৩০-৪০) কিঃমিঃ বেগে বৃদ্ধি পেতে পারে। ২৪ ঘন্টায় সারাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনী ৭৪ মিলিমিটার।
আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিট। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৫ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাত প্রবনতা অব্যাহত থাকতে পারে।
এগ্রিকেয়ার/এমএইচ
























