
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে অর্থাৎ ৭২ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ওমর ফারুক বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬%। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ২৪ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























