
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নতুন মহাপরিচালক হিসাবে যোগ দিয়েছেন ড. এস এম জাহাঙ্গীর হোসেন।
গত সোমবার (২৯ নভেম্বর ২০২১) প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাবেক মহাপরিচালক ড. মো. আবদুল জলিলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নতুন মহাপরিচালক হিসাবে ড. এস এম জাহাঙ্গীর হোসেনকে বরণ করে নেওয়া হয়।
বিদায়ী বক্তব্যে ড. মো. আবদুল জলিল বলেন, “বিএলআরআই জীবনের চেয়ে কোন অংশে কম নয়। এই ইনস্টিটিউটকে নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবেসেছি। কখনো নিজের কথা ভেবে কোন কাজ করিনি। সব সময় বিএলআরআই-এর জন্য কাজ করতে চেয়েছি, ইনস্টিটিউটটের উন্নয়নের জন্য কাজ করতে চেয়েছি। দেশের জন্য কাজ করতে চেয়েছি।”
বিদায়ী মহাপরিচালকের সাথে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে নবনিযুক্ত মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের বিদায়ী অতিথি, ইনস্টিটিউটের বিদায়ী মহাপরিচালক একজন সদালাপী মানুষ। তাঁর সাথে ইনস্টিটিউটের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর যে আন্তরিক সম্পর্ক স্থাপিত হয়েছিল তা সত্যি বিরল। একই সাথে তিনি ছিলেন একজন বন্ধু ও অভিভাবক। কখনো কোন কারণে তিনি বিরক্ত হতেন না, যেকোন সময়ে যেকোন প্রয়োজনে তাঁর সহযোগিতা পাওয়া যেতো। এসময় তিনি আরও বলেন, আজকের এই আয়োজন বিদায়ের নয়, কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র। কখনো ভাবিনি আজকের এই অবস্থানে আসতে পারবো। বিদায়ী মহাপরিচালকের হাত ধরেই আমার বিএলআরআই-এ প্রবেশ। এজন্য আমি বর্তমান মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞ।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পরিচালক মো. আজহারুল আমিন বলেন, বিদায়ী মহাপরিচালক এমন একজন মানুষ যিনি আন্তরিকতা, সহযোগিতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, প্রত্যুৎপন্নমতিত্ব নিয়ে কাজ করে গেছেন। তাঁর সহযোগিতামূলক মনোভাবের কাছে তিনি সকলের কাছেই ছিলেন সমাদৃত। সকল সময়েই তাঁর কথা ও কাজের মধ্যে মিল ছিলো। তিনি একই সাথে একজন যোগ্য উত্তরসূরি তৈরি করে দিয়ে গেছেন এবং তাঁর হাতেই কর্মভার অর্পণ করে গেলেন। শেষ ভালো, যার সব ভালো- এই আপ্তবাক্য প্রমাণ করে তিনি হাসিমুখে আজ আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৭ নভেম্বর ২০২১) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন (নথি নং ৩৩.০৫.০০০০.১১৮.১১.০১৩.১৩.৫১২) জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্ত্তী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এগ্রিকেয়ার/এমএইচ
























