রাজশাহী প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: আধুনিক যান্ত্রিক প্রযুক্তি বদলে দিয়েছে কৃষি ব্যবস্থাকে, বীজতলা থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরে যোগ হচ্ছে এ প্রযুক্তি বলে মন্তব্য করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী।

রাজশাহীর তানোর উপজেলার বিএমডিএ এর কার্যালয়ের হলরুমে সোমবার (১০ এপ্রিল) মানসম্মত ধান ও গম বীজ উৎপাদন এবং কম পানি গ্রহণকারী ফসল চাষাবাদের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

ড. আকরাম হোসেন চৌধুরী বলেন, মাঠ তৈরিতে গরুর বদলে স্থান করে নিয়েছে ট্রাক্টর মেশিন। হাতে বীজতলা তৈরির আদলে হচ্ছে মেশিনে। পরিবর্তন হয়েছে সেচ পদ্ধতিরও। সনাতন পদ্ধতিতে হাত দিয়ে সেচ উঠে গেছে। জমিতে এখন ব্যবহার হচ্ছে সেচ পাম্প। এসব আধুনিক যন্ত্রাংশের ছোঁয়ায় কৃষি জমির পরিমাণ কমলেও বেড়েছে খাদ্যশস্য উৎপাদন।

জলবায়ু পরিবর্তন কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ুর প্রবাহে কৃষি চাষাবাদে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। আর এই সমস্যার সমাধান করতে হলে কৃষককেই নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে। যাতে ফলন ভাল হয়। কৃষক তার ন্যায্য মূল্য পান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিমিট বাংলাদেশের ড. মাহেশ কুমার গাথাল।

বিশেষ অতিথি ছিলেন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: সাখাওয়াত হোসেন, নূরে আলম সিদ্দিকী, বিএমডিএ এর বীজ উৎপাদন প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, জাতীয় ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ মোল্লা, বিএমডিএ তানোর উপজেলার সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামসহ অনেকে।