ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। তবে ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে এখনো কমবেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) পর্যন্ত দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “রোববার পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর আগের দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ অক্টোবরের পর দেশে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ১৫ অক্টোবরের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে।”

তিনি আরও জানান, মৌসুমি বায়ু বিদায়ের পর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দেশজুড়ে আবহাওয়া তুলনামূলক শুষ্ক হয়ে পড়বে। এতে তাপমাত্রাও কিছুটা বেড়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও দেখা যেতে পারে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বুধবার (৮ অক্টোবর) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।