ছত্রাকনাশক ব্যবহারে জমির ফুলকপি নষ্ট হয়ে যাওয়ায় ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ থেকে ১৪ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ১৩ জন কৃষক এ টাকা পয়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের উপস্থিতিতে তার কার্যালয় ব্লেসিং অ্যাগ্রোভেট কর্মকর্তারা কৃষকদের মাঝে এ ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেন।

উপজেলার চুনিয়াপাড়া, গগনবাড়িয়া ও সাকোয়া গ্রামের ১৩ জন কৃষক ১৪ লাখ ২১ হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ পান।

জানা যায়, সম্প্রতি চীন থেকে আনা ‘নিউজিম’ নামে ছত্রাকনাশক ফুলকপিতে ব্যবহারের জন্য কৃষকদের দেন ব্লেসিং অ্যাগ্রোভেটের স্থানীয় পরিবেশক। এটি সাধারণত কলায় ব্যবহার করা হয়। ছত্রাকনাশকটি ব্যবহারের পর কৃষকদের ফুলকপিতে পচন ধরে। এ নিয়ে কৃষকরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।

কৃষকরা জানান, তাদের ৪৬৯ শতক জমির সব ফুলকপি নষ্ট হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ৩৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ ক্ষতিপূরণের দাবিতে সম্প্রতি কৃষকরা ফুলকপির ক্ষেতে মানববন্ধন করেন। ঋণ করে আবাদ করা এক কৃষক কাঁদতে কাঁদতে ক্ষেতে জ্ঞান হারিয়ে ফেলেন।

এ অভিযোগ পাওয়ার পর ইউএনও উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীনকে মাঠে পাঠান। তিনি গিয়ে ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন। কৃষকদের ব্যবহার করা নিউজিমেই ক্ষতি কি না তা পরীক্ষা করতে ভাল থাকা ফুলকপির খেতেও কিছুটা নিউজিম স্প্রে করান কৃষি কর্মকর্তা। পরে দেখা যায়, নতুন করে স্প্রে করা ভাল ফুলকপি নষ্ট হয়ে গেছে।