নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশের চেয়ে কম দামের সার বিশ্বের কোথাও নেই। কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে ১৫ হাজার ধান কাটার মেশিন প্রদান করা হবে বলে বলেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ।

গতকাল শনিবার (৬মার্চ ২০২১) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এই কৃষি কর্মকর্তা আরও বলেন,  কৃষকদের জন্য সরকার ভর্তুকি মুল্যে সার, বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ সহায়তা দিচ্ছেন। কৃষিতে ধান উৎপাদনে ইন্দোনেশিয়ার পরেই বাংলাদেশের স্থান ৪র্থ ছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার কৃষকদের জন্য সদয় থাকার জন্যই কৃষকদের কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে আগ্রহ বৃদ্ধি মূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করার কারণেই ইন্দেনেশিয়াকে ছাড়িয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুর খামারবাড়ীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জাকিয়া সুলতানা সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল মাজেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশাসহ  অনুষ্ঠানে কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা,কর্মচারী, কৃষক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার/এমএইচ