নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সভায় পণ্য আমদানিতে বার্ষিক কোটা দিতে সম্মতি দিয়েছে ভারত। এছাড়া দেশটি থেকে উচ্চফলনশীল রাবার ক্লোন আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন মন্ত্রী। তিনি আরো বলেন, বাণিজ্য ডলারের পরিবর্তে রুপি চেয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

গত ২২-২৩ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ-ভারত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত অবহিত করেন মন্ত্রী।

সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের জন্য ভারতের কাছে এ সকল পণ্য আমদানিতে বার্ষিক কোটা সুবিধা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। ভারত দু’দেশের বাণিজ্যে বিনিময় মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে ভারতীয় রুপি ব্যবহারের বিষয়ে প্রস্তাব প্রদান করে।

এছাড়া বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য পাটজাত সামগ্রীর ওপর ২০১৭ সাল হতে আরোপিত অ্যান্টি-ডাম্পিং ডিউটি আর বহাল না রাখার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছিল। ভারতের বাণিজ্যমন্ত্রী ইতিবাচকভাবে এসব অনুরোধ বিবেচনার আশ্বাস প্রদান করেন।

সভায় প্রস্তাবিত বাংলাদেশ-ভারত কম্প্রিহেনসিফ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ), বিভিন্ন দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক ফোরামে পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক/অশুল্ক বাধা অপসারণের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, ব্যবসায়ীদের জন্য দীর্ঘ মেয়াদি ভিসা প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী পর্যায়ের ওই সভা শেষে টিপু মুনশি গত ২৪ ডিসেম্বর দেশে ফেরেন।

এগ্রিকেয়ার/এমএইচ