
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভারত কর্তৃক এন্টি ডাম্পিং ডিউটি আরোপের কারণে বাংলাদেশের পাটখাতে বিরুপ প্রভাব পরেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।
বুধবার (০৪ মার্চ) ভারত কর্তৃক এন্টি ডাম্পিং ডিউটি আরোপের বিষয়ে পর্যালোচনার জন্য এক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধরী, মো: আশ্রাফ আলী (অতি: সচিব), মো: রেজাউল কাদের (অতিঃ সচিব),বিজেএমসি’র চেয়ারম্যান মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল আলম, অর্থ মন্ত্রণালয়,বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়,ইপিবি, ট্যারিফ কমিশন,বাংলাদেশ ব্যাংক,বিজেএমএ এর প্রতিনিধি সহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ভারত কর্তৃক এন্টি ডাম্পিং ডিউটি আরোপের কারণে বাংলাদেশের পাটখাতে বিরুপ প্রভাব পরেছে। সরকার এ বিষয়ে খুব সচেতন। এ বিষয়ে আইনগত ভাবে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, তবে পাটের অভ্যন্তরিন ব্যবহার বৃদ্ধির জন্য খুব দ্রুত সময়ের মধ্যে “পণ্যে পাটজাত মোরকের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১৭” সঠিকভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, এছাড়াও “পণ্যে পাটজাত মোরকের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১৭” এর আওতায় ১৭টি পণ্যের সাথে আরো তিনটি পণ্য যোগ করার বিষয় সক্রিয় বিবেচনায় রয়েছে ।
সভায় জানানো হয়, ভারত কর্তৃক এন্টি ডাম্পিং ডিউটি আরোপের বিষয়ে সকল ধরনের নীতিগত সহয়তা দিতে বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রস্তুত রয়েছে। কমিশন এ বিষয়ে সকল স্টেকহোল্ডারদের নিয়ে সেমিনার আয়োজন করতে যাচ্ছে।
এছাড়াও পাট খাতের সকল স্টেকহোল্ডারদের আইনগত সহায়তা দেয়া ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ট্যারিফ কমিশন কার্যকর ব্যবস্থা নিবে ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়য়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভারতের ডিজিএডি কর্তৃক সুপারিশের প্রেক্ষিতে ভারতের অর্থ মন্ত্রণালয় বিগত ৫ জানুয়ারী, ২০১৭ বাংলাদেশ হতে পাটজাত পণ্য (স্যাকিং কাপড় বাদ দিয়ে) আমদানির উপর কোম্পানী ভিত্তিক বিভিন্ন ধাপে নিম্নে ১৯.৩০ ডলার এবং উপরে ৩৫১.৭২ ডলার প্রতি মেট্রিক টনে এন্টি-ডাম্পিং শুল্ক আরোপ করে।
পুনরায় ইন্ডিয়ান জুট মিলস এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ভারতের ডিজিএডি ২০ মার্চ ২০১৮ তারিখে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশ থেকে আমদানিকৃত স্যাকিং কাপড়ের উপর এন্টি ডাম্পিং ডিউটি আরোপের উদ্যোগ গ্রহন করেছে। ভারত সরকার কর্তৃক এন্টি ডাম্পিং আরোপ করার কারণে ভারতসহ বিভিন্ন দেশে পাটপণ্যের রপ্তানি হ্রাস পাচ্ছে।
























