আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস ইতোমধ্যে ভারতের উপকূলে আছড়ে পড়েছে। এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার (২৬ মে) বেলা ১১টা নাগাদ ঝড়টি ভারতের উড়িষ্যায় আছড়ে পড়েছে। এছাড়া ১২টা নাাগদ ধামারা বন্দর ও পশ্চিমবঙ্গের দিঘা অতিক্রম করতে শুরু করবে ঝড়টি। ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১২০ থেকে বেড়ে এখন ১৫০ কিলোমিটার। এর প্রভাবে সাগর এখন খুবই উত্তাল।

ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, সুপার সাইক্লোন ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতে ধামারা বন্দরে এবং দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ইয়াস যখন ভারতের উপকূল অতিক্রম করবে, সে সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রামে এবং তার আশপাশের দ্বীপ ও চরগুলোতে দমকা হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় উপকূলবাসী। ঝড়ের প্রভাবে মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা থেকেই বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। জোয়ারের পানির উচ্চতা বেশি হওয়ার কারণে ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে পানি বেড়েই চলেছে। উপকূলের বেশিরভাগ মানুষ এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ সতর্কবার্তায় বলা হয়, অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি এখন চট্টগ্রাম বন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। একইভাবে কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

ইয়াস আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর ১২ টা নাগাদ ভারতের ধামরা বন্দরের উত্তর ও বালাসোরের দক্ষিণ দিক দিকে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অতিক্রম করতে পারে।

একইসঙ্গে এসব এলাকার ওপর দিয়ে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় উপকূল এলাকায় জলোচ্ছ্বাসের কারণে ৩ থেকে ৬ ফুটে বেশি উচ্চতায় পানি উঠে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া প্রায় সারাদেশেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে ভারতের গণমাধ্যমগুলো জানায়, আঘাত হানার আগে শুধু উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্যে ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রেন-বিমান চলাচলও বন্ধ এখন। ভারতের আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি কলকাতার দিঘার থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং উড়িষ্যার ধামরা থেকে ৪০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।

এগ্রিকেয়ার/এমএইচ