অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: থাইল্যান্ডে চালের রফতানি মূল্য কমেছে। অন্যদিকে চাল রফতানির শীর্ষে থাকা দেশ ভারতে বেড়েছে। আর ভিয়েতনামে স্থিতিশীল রয়েছে চালের দাম।

ডলারের বিপরীতে থাই মুদ্রা বাথের দুর্বল অবস্থানের কারণে এক থেকে দেড় সপ্তাহের তুলনায় রফতানি মূল্যে নেতিবাচক দৃশ্য দেখা যায় বলে খবর প্রকাশ করেছে বিজনেস রেকর্ডার।

থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য প্রতি টন দাঁড়িয়েছে ৪০০ ডলার। এক সপ্তাহ আগে এ মানের প্রতি টন চালের দাম ছিল ৪১০-৪২০ ডলার। ব্যাংকংভিত্তিক এক ব্যবসায়ী জানান, বাথ দুর্বল হওয়ার কারণে রফতানি মূল্য কমে এসেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে এমনটা ঘটেছে। অন্যদিকে ভারতের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ৩৭০-৩৭৬ ডলার। গত সপ্তাহে একই মানে প্রতি টন ভারতীয় চালের দাম ছিল প্রতিটন ৩৬৮-৩৭৪ ডলার।

পড়তে পারেন: চালের দাম স্থিতিশীল রয়েছে, দাবি মিলারদের

অন্ধ্র প্রদেশের এক ব্যবসায়ী বলেন, রুপির অবমূল্যায়ন সত্ত্বেও ভারতীয় চালের রফতানি মূল্য বাড়ছে। মূলত আফ্রিকা ও এশিয়ার ক্রেতাদের চাহিদার পরিমাণ ইতিবাচক থাকায় এ ঊর্ধ্বমুখী দৃশ্য দেখা যাচ্ছে।

একই সময়ে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের মূল্য প্রতি টন দাঁড়িয়েছে ৩৯৫-৪০০ ডলার। এর আগের সপ্তাহে দেশটির একই মানের চালের দাম ছিল প্রতি টন ৪০০ ডলার। মূলত আমদানিকারকদের চাহিদা স্থিতিশীল থাকায় দেশটির চালের দামও স্থিতিশীল রয়েছে বলে জানান হো চি মিন শহরের এক ব্যবসায়ী।

এরআগে ২০২১ সালে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাড়ে চালের দাম। সে সময় সংবাদ মাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, রুপির বিনিময়মূল্য মার্চ-এপ্রিল এই দুই মাসের শীর্ষে পৌঁছেছে মে মাসে। মূলত এ কারণেই ভারতের ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চালের দাম বেড়ে টনপ্রতি ৩৮২-৩৮৮ ডলারে উন্নীত হয়েছে। গত সপ্তাহে খাদ্যপণ্যটির দাম ছিল টনপ্রতি ৩৭৯-৩৮৫ ডলার।

পড়তে পারেন: রমজানে চালের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন খাদ্য সচিব

এদিকে থাইল্যান্ডেও ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চালের দাম বেড়ে যায়। খাদ্যপণ্যটির দাম গত সপ্তাহের তুলনায় বেড়ে টনপ্রতি ৪৭৫-৪৫৮ ডলারে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে দাম ছিল টনপ্রতি ৪৫৪-৪৭৫ ডলার। পণ্যবাহী কনটেইনারের ওপর শুল্ক আরোপ করায় পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চালের দাম তিন সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে। পণ্যটি টনপ্রতি ৪৯০-৪৯৫ ডলারে বিক্রি হচ্ছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের কাকিনাডা শহরের একজন চাল রফতানিকারক বলেন, বাজারে চালের চাহিদা অপরিবর্তনশীল রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহের শুরুতে কয়েকটি বন্দরে চাল পরিবহন ও বোঝাই কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ