
এগ্রিকেয়ার ডেস্ক: রাজনীতির ময়দান যেখানে আদর্শের লড়াই হওয়ার কথা, সেখানে মাত্র ১৬০টি মুরগি ছিনতাইয়ের কলঙ্কিত অভিযোগ! হবিগঞ্জের চুনারুঘাটে মুরগিবাহী গাড়ি আটকে লুটপাটের অভিযোগে শেষমেশ সাংগঠনিক পদটিই হারাতে হলো ছাত্রদল নেতা শাকিল ফারহান মিয়াকে।
রাজনীতির নীতি-নৈতিকতা যখন প্রশ্নের মুখে, তখন জেলা ছাত্রদলের এই কঠোর সিদ্ধান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি চুনারুঘাটের গাজীপুর এলাকায় প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার (১৩ মার্চ) রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।
দায়ের করা অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার পর গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত হবিগঞ্জ এগ্রো লিমিটেড-এর মুরগিবাহী একটি গাড়ি আটকে শাকিলের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ড্রাইভার ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কোম্পানির সুপারভাইজার আশফাক এগিয়ে গেলে তার মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর ফেরত পাওয়া যায়নি।
























