
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বাজারে বেড়েই চলেছে মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে দাম কমার সম্ভাবনা নেই; বরং কেজিতে আরও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তে পারে। এতে ক্রেতাদের বাড়তি খরচের আশঙ্কা তৈরি হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এক সপ্তাহ আগে একই মুরগি বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কেজিতে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে।
সোনালি (পাকিস্তানি) মুরগির দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৩৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৮০ থেকে ২৯০ টাকা।
লেয়ার মুরগির দামও বেড়েছে। এখন প্রতি কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ৩১০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ২৮০ টাকা।
এ ছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৭০ টাকায়। এক সপ্তাহ আগে একই মুরগি বিক্রি হয়েছিল প্রায় ৬৪০ টাকায়।
জানতে চাইলে কারওয়ান বাজারে মুরগি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘অনেক খামার বন্ধ হয়ে গেছে, মুরগির আমদানি কম। বর্তমানে যা দাম আছে তা কমবে না, ঈদের আগে আরও ১০-২০ টাকা বাড়তে পারে।’
























