ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পাতার ভেতর আঁকাবাঁকা সাদা দাগ দেখলে বুঝতে হবে ম্যাপ পোকা বা লিফ মাইনারের আক্রমণ হয়েছে।

এ পোকা পাতার টিস্যুর ভেতরে ডিম দেয়। ডিম ফুটে লার্ভা বের হলে পাতার সবুজ অংশ খেতে খেতে ভেতরে সুড়ঙ্গের মতো পথ তৈরি করে। বাইরে থেকে দেখলে মানচিত্রের মতো দাগ দেখা যায় বলেই একে ম্যাপ পোকা বলা হয়। এতে গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া ব্যাহত হয়, পাতার সৌন্দর্য নষ্ট হয়।

সবজিতে আক্রমণকারী একটি পরিচিত প্রজাতির বৈজ্ঞানিক নাম Liriomyza sativae। টমেটোতে এ পোকার আক্রমণ বেশি দেখা যায়। কাঁচামরিচ, ক্যাপসিকাম ও বিভিন্ন লতাজাতীয় সবজিতেও ক্ষতি করে। ফলগাছের মধ্যে লেবু জাতীয় গাছে আক্রমণ লক্ষ করা যায়।

লক্ষণ
পাতার ভেতরে সাদা বা ফ্যাকাশে আঁকাবাঁকা দাগ স্পষ্ট দেখা যায়।

দমন পদ্ধতি:

জৈব ও সমন্বিত ব্যবস্থাপনা
• আক্রান্ত পাতা দেখা মাত্র ছিঁড়ে নষ্ট করতে হবে, মাটিতে ফেলে রাখা যাবে না।
• বাগান পরিষ্কার রাখতে হবে, আগাছা ও মরা পাতা সরাতে হবে।
• নিয়মিত গাছ পর্যবেক্ষণ জরুরি।

ওষুধ প্রয়োগ

লিফ মাইনার দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। ডেলিগেট (স্পিনোট্রাম), বায়োট্রিন (ম্যাট্রিন ০.৫% এএস), প্রোক্লেইম (এমামেকটিন বেনজয়েট) ইত্যাদি ওষুধ নির্ধারিত মাত্রায় ব্যবহার করা হয়।
ক্লোরোপাইরিফস ও সাইপারমেথ্রিন সমন্বিত ওষুধও ব্যবহার করা হয়ে থাকে। স্প্রে করার সময় লেবেলে উল্লেখিত মাত্রা ও নির্দেশনা অনুসরণ করা জরুরি। প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

শুরু থেকেই সতর্ক থাকলে এ পোকা সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। পরিচ্ছন্ন বাগান ও নিয়মিত পরিচর্যা করলে লিফ মাইনারসহ অন্যান্য পোকার আক্রমণও কম হয়।