প্রতীকী ছবি: এআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজধানীর বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে বয়লার থেকে দেশি—প্রতি কেজিতে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি কমে যাওয়া এবং বেশি দামে পাইকারি কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে।

আজ রোববার রাজধানীর বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, েবয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। তিন থেকে চার দিন আগেও যার দাম ছিল ১৭০ টাকা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।

সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, যা কয়েক দিন আগে ছিল ২৮০ টাকা। হাইব্রিড সোনালির দাম এখন ৩০০ টাকা, আগে ছিল ২২০ থেকে ২৩৩০ টাকা। দেশি মুরগি বর্তমানে কেজিপ্রতি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০০ থেকে ৬২০ টাকা। লেয়ার মুরগির দাম ৩০০ টাকা, আগে ছিল ২৭০ টাকা।

সব মিলিয়ে দেখা গেছে, রমজান উপলক্ষে সব ধরনের মুরগির দামই ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

মুরগি বিক্রেতা শাহজাহান বলেন, রোজার আগে সাধারণত মুরগির দাম কিছুটা বাড়ে। বর্তমানে আমদানি কম থাকায় এবং পাইকারিতে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে।

অপর বিক্রেতা ইব্রাহিম আলী বলেন, শীতের কারণে অনেক খামারে মুরগি মারা গেছে। পাশাপাশি মুরগির খাবারের দামও বেশি। এসব কারণে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।

রমজানের আগে আরও দাম বাড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, রোজা শুরুর আগে আর দাম বাড়ার শঙ্কা নেই। তবে রোজার চার-পাঁচ দিন পর মুরগির দাম আবার কমতে পারে।