
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের কৃষি ও কৃষকবান্ধব সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতারে সংশ্লিষ্ট সেক্টরের অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন ও সাধারণ সম্পাদক আবু খালিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াছির ওয়ারদাদ ও আ. ন. ম. মহিবুবউজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন নয়ন ও এমদাদুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন ও তানজিলা আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক, প্রশিক্ষণ সম্পাদক বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার আল মামুনসহ নির্বাহী কমিটির সদস্যরা।

ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতি নিয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু খালিদ বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের উদ্যোগে বিভিন্ন পেশাগত ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
এগ্রিকেয়ার/আরিফ
























