আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছর এখন পর্যন্ত রাশিয়ায় ৮৬ লাখ হেক্টর জমিতে গমের বীজ বপন করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ হেক্টর কম। দেশটিতে শীতকালীন গম আবাদ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সভেকন।

ফলে সংকট দেখা দিতে পারে বিশ্ববাজারেও। কৃষিপণ্যের পরামর্শক প্রতিষ্ঠান সভেকন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকরা জানান, শুষ্ক আবহাওয়ার পরিবর্তে আবাদকালে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে। ফলে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে কর্দমাক্ত ও আবাদ অনুপযোগী পরিবেশ তৈরি হয়েছে।

পড়তে পারেন: গম আমদানির পূর্বাভাস, অর্ধেকে নামতে পারে দাম

২০১৩ সালের পর এবারই সবচেয়ে কম জমিতে গমের বীজ বপন করা হলো। দেশটির মধ্যাঞ্চলের কৃষকরা মাত্র ২০ লাখ হেক্টর জমিতে আবাদ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় আবাদ নয় লাখ হেক্টর জমিতে কমেছে। একইভাবে দক্ষিণাঞ্চলের কৃষকরা ২০ লাখ হেক্টর জমিতে আবাদ করেছেন, যা গত বছরের তুলনায় সাত লাখ হেক্টর কম।

রাশিয়ায় শীতকালীন গম শরতে বপন করা হয়। সাধারণত গ্রীষ্ম মৌসুমে পরিপক্ব হওয়ার পর এসব গম উত্তোলন করা হয়। দেশটির মোট উৎপাদনের ৭০ শতাংশই আসে এ সময়। বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশটিতে আবাদ ব্যাহত হওয়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে।

ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিলের প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে রাশিয়া ৭ কোটি ৫০ লাখ টন গম উৎপাদন করেছে। এর মধ্যে ৩ কোটি ৩১ লাখ টন রফতানি করা হয়েছে। এসবের বেশির ভাগই রফতানি করা হয় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোয়।

এগ্রিকেয়ার/এমএইচ