নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ভরা মৌসুমে সবজির দাম কিছুটা বেশি থাকলেও শীতের বিদায় বেলায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের থেকে প্রতিটি সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

তবে এ চিত্র শুধু রাজধানীর কারওয়ান বাজারের। রাজধানীর অন্যান্য বাজারগুলোতে বিপরীত চিত্র দেখা গেছে। সেসব বাজারে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরাসহ বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন ৪০-৪৫ টাকা, শসা ১০০ টাকা, শিম ৫০-৬০ টাকা, করলা ১৮০ টাকা, মূলা ২৫-৩০ টাকা, ফুলকপি প্রতিপিস (সাইজভেদে) ২৫-৩০ টাকা, বাঁধাকপি প্রতিপিস (সাইজভেদে) ২৫-৩৫ টাকা, পেঁপে ২০-৩০ টাকা, টমেটো ৩০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া লাউ ২০ টাকা, মিষ্টি কুমড়া ২২-২৫ টাকা, গাজর ২৫-৩০ টাকা, ধন্দুল ৪০-৫০ টাকা, ডায়মন্ড আলু ২০ টাকা, কার্ডিনাল ২৫ টাকা, বগুড়ার গোল আলু ২৮-৩০ টাকা, মিষ্টি আলু ৩০-৪০ টাকা, কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজি এক সপ্তাহ আগে প্রতি কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি ছিল।

তবে পেঁয়াজের বাজারে তুলনামূলক স্বস্তি দেখা গেছে। নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দামও সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, আর খুচরা ৪৫ টাকায়। এ ছাড়া রসুন পাইকারি ১৫০ টাকা, খুচরা ১৫৫-১৬০ টাকা দরে। নাজিরশাইল চাল ৮০ টাকা, মিনিকেট ৮২ টাকা, আটাশ ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ টাকা, ছাগলের মাংস ১,২৫০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা, লেয়ার ২৮০ টাকা, সোনালি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে পাঙাস মাছ ১৭০-২০০ টাকা, রুই আকারভেদে ২৬০-৩২০ টাকা, কই ১৮০-২২০ টাকা, মাগুর ৭০০ টাকা, চাষ করা শিং ৪০০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, চিংড়ি ৮০০ টাকা, রুপচাঁদা ১৩০০ টাকা, টেংরা ১৬০০ টাকা, পাবদা ৪০০ টাকা, বোয়াল ৬০০-৭০০ টাকা, ইলিশ ২৫০, ৩০০, ৫০০ ও ১ কেজি ওজনের দাম যথাক্রমে ৮০০, ১০০০, ১৫০০ ও ২৪০০ টাকা।

অন্যদিকে রাজধানীর রামপুরাসহ অন্যান্য বাজারগুলোতে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন ৫০-৬০ টাকা, শসা ১২০ টাকা, শিম ৫০-৬০ টাকা, করলা ১০০-১২০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতিপিস (সাইজভেদে) ৩০-৪০ টাকা, বাঁধাকপি প্রতিপিস (সাইজভেদে) ৩০-৪০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, টমেটো ৪০-৬০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে কাঁচা মরিচের। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।