
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: গ্রামের মানুষের জীবনমানকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
আজ শনিবার ( ৬ মার্চ ২০২১) সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিউৎসব ও পুনমির্লনীতে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের গ্রামের অর্থনীতি এখনও কৃষিভিত্তিক। কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষের জীবন জীবিকা আবর্তিত হয়। সেজন্য, গ্রামের মানুষের জীবনকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে পারলে গ্রামের মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে ও জীবন উন্নত হবে। অন্যদিকে অর্থনীতিতেও তা বিরাট ভূমিকা রাখবে। বর্তমান কৃষিবান্ধব সরকার এ লক্ষ্যেই কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক আইজিপি (প্রিজন) ও পিএসসির সাবেক সদস্য মো. লিয়াকত আলী খান, প্রাক্তন ছাত্র স্কোয়াড্রন লিডার (অব.) গোলাম কিবরিয়া আব্বাসী, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিউৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কৃষির উন্নতি হলেই গ্রামের মানুষের জীবন উন্নত হবে সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া।
এগ্রিকেয়ার/এমএইচ
























