নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে যাওয়ার নির্দেশে দিয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কর্মকর্তাদের শুধু মন্ত্রণালয়ে বসে থেকে গতানুগতিক কাজ করলে হবে না। বরং মাঠ পর্যায়ে নিয়মিত পরিদর্শনে যেতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের কোন এলাকায় কী চাষ করা যাবে বা সম্ভাবনা আছে তা চিহ্নিত করে পুরোপুরি কাজে লাগাতে হবে। যাতে করে কৃষি উৎপাদন আরও বাড়ানো যায়। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। চলমান করোনার কারণে যদি খাদ্যসংকট বা দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে আমাদের হাতে টাকা থাকলেও খাদ্য পাওয়া কঠিন হবে, অনেকক্ষেত্রে পাওয়াই যাবে না।

আজ রোববার (৩ জানুয়ারি ২০২১) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ইংরেজি নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন।

আরও পড়ুন: কৃষি কর্মকর্তাদের কৃষকের বাড়ি বাড়ি যেতে হবে; কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ হলো আমাদের জনসংখ্যা প্রতিবছর ২২-২৩ লাখ বৃদ্ধি পাচ্ছে; অথচ নানান কারণে চাষের জমি কমছে। এই স্বল্প জমি থেকেই মানুষের খাদ্য এবং প্রাণি ও পোল্ট্রির ফিডের যোগান দিতে হবে। সেজন্য কৃষি বিভাগের সকলকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এপিএ সম্পাদনে পরপর দুই বার কৃষি মন্ত্রণালয় ২য় স্থান অর্জন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই সাফল্যের পরও আমাদের সকলকে আরও তৎপর থাকতে হবে, এপিএ বাস্তবায়নে নিষ্ঠাবান হতে হবে।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো: মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, মহাপরিচালক (বীজ) বলাই কৃষ্ণ হাজরা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় এবার ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বাস্তবায়নে ২য় স্থান অর্জন করেছে। পরপর দুই বার কৃষি মন্ত্রণালয় এপিএ সম্পাদনে ৫১টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করে।

কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে যাওয়ার নির্দেশ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূঁইয়া।

এগ্রিকেয়ার/এমএইচ