পবিপ্রবি’র এনিম্যাল সাইন্স এন্ড

পবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- পবিপ্রবি’র এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন ক্যাম্পাসে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২০) পবিপ্রবি’র এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদীয় ক্যাম্পাসে সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করা হয়।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর শহীদ মিনারের সামনে থেকে প্রভাত ফেরি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও স্থানীয় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এরপর ০৯:৩০ ঘটিকায় অনুষদীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২১শে ফেব্রুয়ারির ইতিহাস ও এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট ড. অসীত কুমার পাল।

পবিপ্রবি’র এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন ক্যাম্পাসে মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানে ওই অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন।

এদিকে মহান মাতৃভাষা সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাত ১২টায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারসহ স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্বরণ করেছেন।

এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রসঙ্গত, আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেন বাংলা মায়ের বীর সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই মহান একুশের সংগ্রামের দিনটি বিশ্বজুড়ে পালন করা হচ্ছে।

আরও পড়ুন: সমাবর্তনে বর্ণিল সাজে পবিপ্রবির ক্যাম্পাস, সরগরম আড্ডায় মেতেছেন সাবেক শিক্ষার্থীরা