
সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: শেষ হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চার দিনব্যাপী আন্তঃ অনুষদীয় ইনডোর গেমস-২০১৮। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামে এ গেমস এর।
আজ শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম কক্ষে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
শরীরচর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এবং পরিচালক ছানোয়ার হোসেন মিঞার সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো. নাজমুল হুদা এর সঞ্চালনায় পুরষ্কার বিরতনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকার জন্য খেলাধূলার প্রয়োজন অত্যাবশ্যক।
তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধূলায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগকে খেলাধূলার আয়োজনে ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, শিক্ষক ও কর্মকর্তা, শিক্ষার্থী, খেলোয়াড়েরা।

গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ইনডোর গেমসে দাবা, ক্যারাম ও টেবিলটেনিস খেলায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় ছেলেদের ক্যারাম খেলায় চ্যাম্পিয়ন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং রানার আপ হয় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ।
মেয়েদের ক্যারাম খেলায় বিজয়ী হয় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ এবং রানার আপ হয় কৃষি অনুষদ ।
ছেলেদের টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ এবং রানার আপ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ। মেয়েদের টেবিল টেনিসে বিজয়ী হয় মাৎস্য বিজ্ঞান অনুষদ এবং রানার আপ হয় ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ।
এছাড়াও ছেলেদের দাবাতে চ্যাম্পিয়ন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের আহসান হাবিব, রানার্স আপ হয় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের গোলাম তাহাবুর এবং ২য় রানার আপ হয় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের মাহমুদুল হাসান।
মেয়েদের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শবনম বিনতে মতিউর , রানার আপ হয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের তাসনিম জাহান তানিম এবং ২য় রানার আপ হয় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ইয়াসিনা আক্তার মনি।
উল্লেখ্য, আন্তবিশ্ববিদ্যালয় গেইমে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ক্যারাম টিম রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
























