
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
গত শুক্রবার ( ৫ মার্চ ২০২১) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে ‘নারীর ক্ষমতায়নে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ কর্মসূচির আওতায় ধনবাড়ী উপজেলার ৪টি ভেন্যুতে মোট ৪০০ জন নারী তথ্যপ্রযুক্তি বিষয়ে ২ মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ বাস্তবায়ন করছে মেসার্স নূর অ্যান্ড তাজমহল।
কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী; তিনি ১৭ কোটি মানুষকে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিরোধীদলের নেত্রী, স্পিকারসহ অনেক শীর্ষপদে নারীরা আজ অধিষ্ঠিত; তবে কয়েকজন নারীর ক্ষমতায়ন হলেই হবে না। ১৭ কোটি মানুষের অর্ধেক যে নারী-প্রায় সাড়ে ৮ কোটি নারীর ক্ষমতায়ন করতে হবে। তাঁদেরকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
এ অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ড. মো: শহিদুল ইসলাম।
পৃথিবীতে সবচেয়ে সৎ নেতা শেখ হাসিনা সংবাদের তথ্য এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া।
এগ্রিকেয়ার/এমএইচ
























