
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ১০৫ মিলিমিটার।
আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার র্পূ্বাভাসে আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পড়তে পারেন: পাট চাষে বিঘায় খরচ দাঁড়িয়েছে ১৪ হাজার
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে।
সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিন্ম তাপমাত্রা রাজারহাট ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।
এগ্রিকেয়ার/এমএইচ
























