নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজবাড়ীর ধাওয়াপাড়া পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ৯ কেজি ওজনের এক বোয়াল মাছ। বড়শিতে ধরা পড়া মাছটি ১৭ হাজার ১০০ টাকা বিক্রি করা হয়।

আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) ভোরের দিকে জেলে কোরবান সরদারের বড়শিতে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১৮০০ টাকা কেজি দরে ১৭ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পড়তে পারেন: ৪টি মাছের দাম ১৮ লাখ টাকা!

জেলে কোরবান সরদার জানান, ভোরের দিকে তারা কয়েকজন মিলে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। কিছুক্ষণ পর বুঝতে পারেন বড়শিতে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে বড়শি টেনে তুলতেই দেখতে পান বড় একটি বোয়াল মাছ।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করা হচ্ছে। একটু লাভ পেলেই তিনি মাছটি বিক্রি করে দেবেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, নদীর পানি কমে যাওয়ায় বড় মাছ তেমন একটা ধরা পড়ছে না। তবে পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খেতে খুবই সুস্বাদু। টাকার অভাবে সাধারণ মানুষ কিনতে না পারলেও বড়লোকরা খবর পেলেই সে মাছ কিনে নেন।

এগ্রিকেয়ার/এমএইচ