নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ব্যাপারী এবং খামারিরা নদী সাঁতরে পার হয়ে গেলেও স্রোতের টানে ভেসে গেছে ৩৮-৪০ টি গরু। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির এগ্রিকেয়ার২৪.কম কে জানান, গরু ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। এসময় ৪-৫ টি গরু উদ্ধার করা গেছে। নদীতে তীব্র স্রোত থাকায় বাঁকি গরুগুলো ভেসে গেছে।
তিনি আরো জানান, ডুবে যাওয়া গরুগুলোর মধ্যে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দামের গরু ছিল। প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার গরু ভেসে গেছে।

ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন।

এ সময় ৫টি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তীরে আসার পর অনেক খামারি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।