
রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কাচারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল। রংপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্যমূল্যে আলু বিক্রি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রাণ এগ্রো লিমিটেড।
নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০ থেকে ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। সেখানে ৪৫ টাকা কেজি দরে আলু পেয়ে খুশি ক্রেতারা। রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের কলেজ পাড়ার বাসিন্দা কবির হাসান, রফিকুল ইসলাম, মহোসনা আক্তার জানিয়েছেন, বাজারে আলু ৫৫ থেকে ৬০ টাকা। সেখানে ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরে সাশ্রয় হয়েছে।
প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জানান, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। বাজারে দাম সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু বিক্রির কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। প্রতিদিন সকাল দশটা থেকে আলু বিক্রি শুরু হবে।
























