
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে শাহ মখদুম থানা পুলিশ। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও অস্ত্র সহ ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পান ব্যবসায়ীদের একজন ভুক্তভোগী নুরুজ্জামানের দেয়া তথ্য মতে, ঢাকায় পান বিক্রি করে নগদ ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে ভোর পাঁচটার দিকে ফিরছিলেন রাজশাহী জেলার পান ব্যবসায়ীদের দুইজন লাইন ম্যান।
রবিবার ভোর পাঁচটার দিকে তারা সিএনজি যোগে রাজশাহী মহানগরীর পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে তাদের পথ রোধ করে একটি অ্যাম্বুলেন্স। এ সময় ওই অ্যাম্বুলেন্স থেকে বেশ কয়েকজন অস্ত্র নিয়ে সিএনজিতে থাকা দুইজন লাইন ম্যানের কাছে থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মো: রাজ্জাকের ছেলে মো: আশিক ইসলাম (২৪), মো: আজাদ আলীর ছেলে মো: হৃদয় (২৪), রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার মো: আসলাম আলীর ছেলে মো: আব্দুর রহমান (২১), আসলামের ছেলে মো: আব্দুর রহিম (২০), ডিঙ্গাডোবা ঘোষ মাহালের মো: লোকমানের ছেলে মো: রিকো ইসলাম (২১) ও চন্ডীপুর সুফিয়ানের মোড়ের মৃত এবাদুলের ছেলে মো: ইয়ামিন (২০)।
পড়তে পারেন: পানের বরজে পান পাতা পচে যাচ্ছে, করণীয় কী?
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার মো: একলাছ মোল্লা-সহ ৮৫ জন পান ব্যবসায়ী একটি সমিতি গঠন করে রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি বাজারে পানের ব্যবসা করত। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী’র বিভিন্ন অঞ্চল হতে পান ক্রয় করে ঢাকার শ্যাম বাজারে বিভিন্ন আড়তে বিক্রি করে থাকে।
গত ২১ আগস্ট ২০২২ ভোর সোয়া ৫ টায় মো: রায়হান আহম্মেদ (২৬), মো: শহিদুল ইসলাম (৩০) ও মো: আমিনুল ইসলাম (২৭) ঢাকায় পান বিক্রির ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা নিয়ে শিরোইল বাস টার্মিনালে পৌঁছে। সেখান তারা একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে দাওকান্দি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। একসময় তারা লক্ষ করে, তাদের সিএনজি অটোরিকশাকে একটি নীল রংয়ের অ্যাম্বুলেন্স অনুসরণ করছে।
ভোর সাড়ে ৫ টায় নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে পিছন থাকা সেই অ্যাম্বুলেন্সটি হঠাৎ সামনে এসে তাদের গতিরোধ করে। সিএনজি অটোরিকশাটি থামার সাথে সাথেই অ্যাম্বুলেন্স হতে ৬-৭ জন ডাকাত বের হয়ে চায়নিজ কুড়াল, হাসুয়া, চাকু, ছোরা ও লোহার রড নিয়ে তাদের ঘিরে ধরে।
এসময় রায়হান পালানোর চেষ্টা করে। ডাকাতরা তাকে ধরে মারধর করে তার কাছে থাকা ১৪ লক্ষ ২৭ হাজার টাকা-সহ অন্যদের কাছে থাকা মোট ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি করে অ্যাম্বুলেন্স নিয়ে আম চত্বরের দিকে পালিয়ে যায়।
পড়তে পারেন: ৩২ বিড়া পানের দাম ২০০ টাকা, চাষিদের মাথায় হাত
এই ঘটনায় শাহ মখদুম থানায় অভিযোগ করা হলে, সোমবার ওই অ্যাম্বুলেন্স ও অস্ত্র সহ ডাকাত সদস্যের ছয়জনকে আটক করে পুলিশ। একই সাথে ডাকাতি হওয়া অর্থের মধ্যে ১৬ লাখ টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাদের সকলেই রাজশাহীর বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম। সোমবার দুপুর আড়াইটায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়।
এগ্রিকেয়ার/এমএইচ
























